ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকছার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নানা নাটকিয়তার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকছার আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা গাড়ি ভাংচুর ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ২এপ্রিল থানায় ১৮জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হলেও ঘটনার ১০ দিনেও কোন অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশের উপর হামলার একটি ভিডিও গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তাতার করে।
এদিকে, ঘটনার পর থেকে একের পর এক রহস্যের জন্ম দিয়েছে। হাতকড়াসহ আকছার আহমদকে ছিনিয়ে নিলেও একই এলাকার হাতকড়া পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় গোপনে চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি গনমাধ্যমে অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান।
অবশেষে ঘটনার ১৫ দিন পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার পর উপজেলার মুক্তারপুর হাওর এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি পাওয়া গেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ টি শেয়ার করুন।

















