মলয় চক্রবর্তী, ওসমানীনগর,সিলেট ::
সিলেটের ওসমানীনগরে ২৭ মে সকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দমকা হাওয়ার কারণে কাঁচা ঘরবাড়ির বেড়া, টিনের ছাউনি এবং গাছপালা উপড়ে পড়ে অনেক মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ফলে উপজেলার সব এলাকায় ২৩ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে করে মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেমালের ২৪ ঘণ্টার অবিরাম দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির কারণে উপজেলার গ্রামীণ জনপদের কৃষকরা গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি সহ গৃহপালিত প্রাণীর খাদ্য সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন।
ঝড় পুরোপুরি থেমে গেলে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছেন পল্লীবিদ্যুতের কর্মীরা। এ বিষয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি ১ খাশিকাপন জোনাল অফিসের ডিজিএম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকার গাছগাছালি ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপর পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সোমবার বিকাল থেকে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ লাইন পরিষ্কার করে সরবরাহ চালু করা হবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার কালীনচর, বাংলা বাজার, নিজবুরুঙ্গা পশ্চিম, প্রথমপাশা, কামারগাঁও, তিলাপাড়া, খন্দকার বাজার, উছমানপুর, তাজপুর সহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি এবং ফলজ ও বনজ গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাওর, নদী ও খাল-বিল পানিতে ভরে গিয়ে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী।


















