রমজানের প্রস্তুতির জন্য সংরক্ষিত ১ লাখ টন চিনি ভস্মীভূত হয়ে গেছে।
কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েক হাজার টন অপরিশোধিত চিনি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি দল কাজ করছে। পাশাপাশি নৌ, বিমান ও সেনাবাহিনীর দলও অংশ নিয়েছে।
কর্ণফুলী থানার ইছানগরের কারখানাটিতে মোট ৫টি গুদাম রয়েছে। প্রতিটি গুদামের ধারণক্ষমতা ৬০ হাজার মেট্রিক টন। একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ারের পাশাপাশি অন্যান্য সংস্থাও কাজ করছে।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, গুদামে ৬৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল।


















