ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের উত্তর থানাগাঁও রাহমানিয়া তালীমুল কুরআন মাদ্রাসায় নূরানী শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী আয়োজিত এ আয়োজনে অংশ নেয় মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নামাজ, জানাজা, কুরআন তেলাওয়াত, নাজেরা, মাসআলা-মাসায়েলসহ ইসলামি শিক্ষা বিষয়ক নানা বিষয়ে হাতে-কলমে প্রদর্শনী উপস্থাপন করে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে পারদর্শিতা দেখে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। আমন্ত্রিত অতিথি গন মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সালেহ আহমদ, ও হাফিজ আব্দুল্লাহ সিদ্দিক এর সভাপতিত্বে, নাসির উদ্দিনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা মাহমুদুল হক বাহার বাহুবলী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা আব্দুল গফুর শরীষ পুরী।
এসময় বক্তারা বলেন, আজকের এই শিশুদের কুরআন তেলাওয়াত, নামাজ, মাসআলা- মাসায়েলসহ ইসলামী জ্ঞানে দক্ষতা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ছোটবেলা থেকেই তাদের এভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা গেলে তারা ভবিষ্যতে আলোকিত মানুষ হবে, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। এ মাদ্রাসা শুধু জ্ঞান অর্জনের নয়, চরিত্র গঠনেরও এক আদর্শ প্রতিষ্ঠান। এমন আয়োজন প্রমাণ করে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবন গড়ার হাতিয়ার।
বক্তারা আরও বলেন, আজ থেকে তিন থেকে চার যুগ পুর্বে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠান উত্তর থানাগাঁও রাহমানিয়া তালীমুল কুরআন মাদ্রাসা ও ওমর (রা.) জামে মসজিদ গড়ে তুলেন এই জনপদের গর্ব, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী ফজলুর রহমান সাহেব। তিনি শুধু একটি প্রতিষ্ঠানই নয়, বরং এই এলাকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ভিত গড়ে দেন। প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশের প্রবাসীরা এই মাদ্রাসার প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন। যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যপ্রবাসী এলাকার সন্তানেরা তাদের অবদানও প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আব্দুল গফুর জৈন পুরী, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আতাউর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, ফজলুর রহমান, মোহাম্মদ মখলিছ মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ মুছলেহ ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ অনেকেই।
অনুষ্টানের শেষে দোয়া মাহফিলে মরহুম মৌলভী ফজলুর রহমানসহ দেশে বিদেশে অবস্থানরত ও এলাকার সকল প্রয়াত শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।
সংবাদ টি শেয়ার করুন।

















