সাইফুল ইসলাম, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে তপ্ত রোদে হাওরের বোরো ধান কর্তন পুরোদমে শুরু হয়েছে।
(শনিবার) সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলার চন্দ্র সেনার থাল হাওরে উপজেলার ঘুলুয়া গ্রামের প্রীতিশ বর্মন (৪৫) নামের এক কৃষকের তিন কিয়ার বোরো জমিতে কৃষকের নিয়োজিত শ্রমিকদের পাশাপাশি থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,স্থানীয় জনপ্রতিনিধিরা ও গণমাধ্যম কর্মীরা হাতে কাস্তে নিয়ে ধান কর্তনের মধ্য দিয়ে এ উপজেলায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোত্তালেব সরকার, পানি বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ,সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৮হাজার ৬২০হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। প্রতি কিয়ার (৩২শতক) জমিতে ধানের উৎপাদন হচ্ছে ২০থেকে ২২মণ।
উপজেলার চন্দ্র সোনার থাল হাওরপাড়ের ঘুলুযা গ্রামের কৃষক প্রীতিশ বর্মন (৪৫) বলেন, আমার তিন কিয়ার জমির ধান কর্তনের জন্য ১৫জন শ্রমিক নিছিলাম। হেরার লগে সরকারি অফিসাররা,চেয়ারম্যান -মেম্বাররা ও সাংবাদিকরা আউজগা আমার জমির ধান কাটছইন। এতে আমি খুউব খুশি অইছি। চাইরদিন আগে এই হাওর দুই কিয়ার জমির ধান কাটছি। ৪৪মণ ধান পাইছি।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, গত ৭এপ্রিল থেকে ধর্মপাশা উপজেলায় পুরোদমে হাওরের বোরো জমির ধান কর্তন শুরু হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় রোগবালাই কম হওয়ায় ধানের ফলন খুবই ভালো হয়েছে। চলতি মাসের মধ্যেই এখানকার হাওরের ৮০ভাগ ধান কর্তন শেষ হবে। এ ছাড়া হাওরের বাইরের উঁচু জমিতে আবাদকৃত ধান কর্তন আগামী ১০মে এর মধ্যে শেষ বলে আশা করছি।


















