- সুরমা সিলেট ডেস্ক::
ঢাকার রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানচাপায় রিফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবাসহ ২ জন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ময়ূর ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটির উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত (৯)। আহত বাবা ও মোটরসাইকেলে থাকা অপর শিশু ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) শফিউল আলম।
একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার পরপরই রাস্তায় থাকা লোকজন কাভার্ডভ্যান চালককে গণপিটুনি দিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এসআই আরিফুর আরও বলেন, যতটুকু জানা গেছে, আব্দুল হাই লিটন তার দুই শিশু সন্তানকে মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে মোটরসাইকেল করে বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।


















