ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য, ঠা ঠা রোদে পুড়ছে মানুষ- সবুজ গাছপালাও যেন তপ্ত নিশ্বাঃস ছাড়ছে।
গরমের তীব্রতায় মানুষসহ পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও এতটুকু যেন স্বস্থি নেই।
অব্যাহত তাপপ্রবাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
একটু বৃষ্টি ও শীতল হাওয়ার পরশ পেতে ব্যাকুল হয়ে উঠেছে মানুষ। কিন্তু বৃষ্টির দেখা নেই!
বর্তমানে ওসমানীনগরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এপ্রিলের মধ্যভাগ থেকে এই পর্যন্ত একই মাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ওসমানীনগরের ওপর দিয়ে। এর মধ্যে গত কিছুদিন হালকা বৃষ্টিপাত হলেও এর আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও ওসমানীনগরে তার দেখা নেই।
ফলে বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে। টানা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় রোদ, আর গরমে স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনেও। বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই যেন গরম আর গরম। দিনের বেলায় দূরে থাক, রাতেও গাছের পাতা নড়ছে না।
আসবাবপত্র থেকে শুরু করে সব জিনিসপত্র তেঁতে উঠছে। ঘরের পানির ট্যাপ দিয়ে বের হচ্ছে ফুটন্ত পানি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মাথার উপরের ফ্যানটাও দিচ্ছে গরম বাতাস। গত কয়েকদিন যাবত ওসমানীনগরের আবহাওয়ার তেমন হেরফের হচ্ছে না। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত।
সংবাদটি শেয়ার করুন।

















