হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আমীর উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম, পিআর পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা। একটি দল বা প্রার্থী যত শতাংশ ভোট পায়, সংসদ বা পরিষদে তার আসনও সেই অনুপাতে পাওয়া উচিত। ফলে কোনো ভোটই অপচয় হয় না এবং সংখ্যালঘু ও ছোট দলের কণ্ঠস্বরও সংসদে প্রতিফলিত হয়। তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনগণের ভোটের মূল্য বৃদ্ধি পায়। কারণ প্রত্যেকটি ভোটের হিসাব হয় এবং সেই ভোটই সরাসরি আসন নির্ধারণ করে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার তাজপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু তাহের মিসবাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরীর পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশিদুল হক বজলু, সিলেট জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আলবাবুল হক চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ আহমদ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া র্যালিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন এবং ইসলামী সমাজব্যবস্থা কায়েমের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মঈনুল ইসলাম এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
সংবাদ টি শেয়ার করুন।


















