ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবী অজিত সরকার(৪৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বানাইয়ার হাওরের মৈতনেরকান্দি এলাকা থেকে ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। অজিত সরকারের ব্যবহিত ছাতা ও নৌকার বৈঠা গতকাল শনিবার হাওরে পাওয়া গেলেও লাশ উদ্ধারের দুই কিলোমিটার দূরে গাভূরটিকি এলাকায় রবিবার বিকালে তার নৌকার সন্ধান পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার। তিনি সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। শনিবার দিন ও রাতে ডুবুরি দল ও স্থানীয়রা হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। রবিবার বিকাল ৪টার দিকে হাওরের গাভূরটিকি এলাকায় পানিতে অজিত সরকারের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সিলেট থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার এস.আই সবিনয় বৈদ্য লাশ উদ্ধারের সত্যতা নিশ্চত করেছেন।


















