সুরমা সিলেট ডেস্ক : সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও দেয়া হবে।
৩০ সেপ্টেম্বর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ এর সাইবার নিরাপত্তা আইনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট ১ হাজার ৩৪০টি মামলা চলমান।
ওই মামলাগুলোর মধ্যে ৪৬১টি মামলা তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
মন্ত্রণালয় সুত্র আরও জানায়, স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা চলমান রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ আটক থাকলে তাকে তাৎক্ষণিক ভাবে মুক্তি দেওয়া হবে।
সংবাদ টি শেয়ার করুন :


















