সুরমা সিলেট ডেস্ক :: সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ চার সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্র–জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়াসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র–জনতা।
এর আগে ১২ নভেম্বর ছাত্র–জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে দুটি মামলায় ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় মাসখানেক কারাগার ছিলেন ইয়াহইয়া চৌধুরী।
যানা গেছে গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে সিলেট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওই নির্বাচনে আওয়ামীলীগ আসনটিতে কোনো প্রার্থী দেয়নি। এমপি নির্বাচিত হয়ে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব করেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া চৌধুরী।
সংবাদ টি শেয়ার করুন।


















