ওসমানীনগর প্রতিনিধি:: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঘটে যাওয়া আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার বিচার দাবি করে ওসমানীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার তাজপুরে ঢাকা‑সিলেট মহাসড়কে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, কলঙ্কিত দিন। সেদিন আওয়ামী সন্ত্রাসীরা লগী ও বৈঠা নিয়ে যে তাণ্ডব চালিয়েছিল, তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ নয় গণতন্ত্র ও মানবতার ওপর সরাসরি আঘাত। শান্তিপ্রিয় সাধারণ মানুষের ওপর সেই বর্বরোচিত হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারান, অসংখ্য মানুষ আহত হন।
আজ দীর্ঘ ১৯ বছর পরও সেই ঘটনার বিচার হয়নি। দুঃখজনকভাবে মামলার কোনো রায় হয়নি, বিচারের কাঠগড়ায় দাঁড়ায়নি সেই নৃশংস হামলায় জড়িত অপরাধীও। এটি শুধু একটি ব্যর্থ বিচারব্যবস্থার দৃষ্টান্ত নয় এটি গণতন্ত্রকে হত্যার জ্বলন্ত প্রমাণ।
বক্তারা আরও বলেন, আমরা এই সভা থেকে দাবি জানাই লগী-বৈঠার সেই বর্বরোচিত হামলায় জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জড়িতদের বিচার শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার এমন বর্বর নজির আর কখনো যাতে না ঘটে সেই নিশ্চয়তা দিতে হবে।
তারা বলেন, যারা গণতন্ত্র রক্ষা ও শান্তির কথা বলে দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো, তাদের হাতে যদি এমন কলঙ্ক লেগে থাকে, তবে তা থেকে জাতিকে মুক্ত করতে হলে এই সন্ত্রাসী সংগঠনকে জনগন যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তাদেরকে রাজনীতি থেকেও চির তরে বিদায় দিতে হবে।
এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমির এবং সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
সভাপতিত্ব করেন উপজেলা আমীর সোহরাব আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল মুমিনের পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যাণ্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, ওসমানী নগর উপজেলা জামায়াতের জয়েণ্ট সেক্রেটারী সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, ওলামা পরিষদ সভাপতি মাওলানা সাদিক সিকান্দারসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।
সংবাদ টি শেয়ার করুন।

















