ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে নারী দিবসের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন এই অভিনেত্রীর বোন অমনদীপ সোহি। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বোনকে হারিয়ে শোকসন্তপ্ত সোহি পরিবার।
খবরটি জানিয়েছে ভারতীয় শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যম। একটি প্রতিবেদনে জানানো হয়, দুই দশক ধরে ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন ডলি। গত ছয় মাস আগে তার জরায়ু ক্যান্সার ধরা পড়ে।
‘ঝনাক’ খ্যাত অভিনেত্রী এই শোটি সমাপ্ত করার আগেই ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার কারণে শোটিও শেষ করতে পারেননি। ৮ মার্চ সকালে তিনি প্রয়াত হন। তার ১৪ বছরের একজন কন্যাও রয়েছে।
৭ মার্চ প্রয়াত তার বোন অমনদীপও অভিনয় করতেন বলে জানা যায়। ‘বদতামিজ দিল’ ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে তাদের ভাই মান্নু জানিয়েছেন, শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ডলি মৃত্যুবরণ করেন, অন্যদিকে আরেক বোন অমনদীপের ছিল জন্ডিস। –এবিপিলাইভ


















