হারুন রশিদ, ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যের হাইডযুবলীগের সভাপতি ইকবাল সমুজ ও নুরুল আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উছমানপুর ইউনিয়নের দক্ষিণ রাউৎখাই গ্রাম, মাদার বাজার, ময়না বাজার, খালের মুখসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় আক্রান্ত ৩শতাধিক পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সুমন, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য খালিছ মিয়া, সমাজসেবী ওলিউর রহমানসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, প্রবাসীরা এই দেশের অক্সিজেন। তারা দেশের যেকোনো দুর্যোগকালে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন। তাদের সহায়তায় আমরা দুর্যোগকালীন সময়ে দ্রুত এবং কার্যকরীভাবে সাড়া দিতে পারি। তিনি আরও বলেন, এই ত্রাণ বিতরণের মাধ্যমে প্রবাসীরা প্রমাণ করেছেন যে তারা দেশের মানুষের সুখ-দুঃখের সাথী। তাদের অবদানের কারণে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি এই দুর্যোগে প্রবাসীরা ও সবসময় পাশে আছেন।
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা প্রবাসীদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের গর্ব। তাদের সহযোগিতায় আমরা বিপদের সময় আরও দৃঢ়ভাবে মোকাবিলা করতে পারি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও প্রবাসীদের সহায়তায় আমরা এই কঠিন সময়ে টিকে থাকার সাহস পাচ্ছি।
সংবাদ টি শেয়ার করুন।


















