সুরমা সিলেট ডেস্ক ::
- সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীরামসী এলাকার করচাকেলী গ্রামে অবস্থিত সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান মদীনাতুল উলূম মাদ্রাসা। প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন দুই জেলাসহ দেশের বিভিন্ন স্থানের এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা।
২০১৩ সালে প্রতিষ্ঠিত মদীনাতুল উলূম মাদ্রাসায় ইসলামী শিক্ষার প্রসারে স্থানীয় এবং প্রবাসীরা চালিয়ে যাচ্ছেন অক্লান্ত প্রচেষ্টা। যার ধারাবাহিকতায় মদীনাতুল উলূম মাদ্রাসায় অনেকেই দান করছেন ভূমি, কেউবা নির্মাণ করে দিচ্ছেন আধুনিক ভবন। প্রায় সাড়ে তিন বিঘা জায়গার উপর নির্মিত এই মাদ্রাসাটি আলোকিত করেছে বৃহত্তর শ্রীরামসীকে। মাদ্রাসার উদ্যোগে প্রতিবছরই অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। বিভিন্ন সময়ে প্রবাসী ও স্থানীয়দের সহায়তায় মাদ্রাসায় নির্মিত হয়েছে মসজিদ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও এতিমখানা। শৈল্পিক কারুকাজে নব-নির্মিত মসজিদে নামাজে একসাথে অংশ নিতে পারবেন সহস্রাধিক মুসল্লি।
মাদ্রাসায় হিফজুর কোরআন, নূরানী ও কিতাব বিভাগে প্রায় ২৫০জনেরও বেশি শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা গ্রহণের পাশাপাশি দরিদ্র ও এতিম ১২০জন শিক্ষার্থীর জন্য রয়েছে থাকা ও খাবারের ব্যবস্থা। আবাসিক ও অনাবাসিকসহ ইসলামিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় পাঠদানে রয়েছেন ১৬ জন শিক্ষকসহ ৩ জন সহকারী। প্রতিষ্ঠাকাল থেকেই সরকারী অনুদান ছাড়া মাদ্রাসাটি স্থানীয় ধনী ব্যক্তি ও প্রবাসীদের উপর নির্ভরশীল। মাদ্রাসা পরিচালনা ও শিক্ষার্থীদের ভরণপোষণে স্থানীয় ধনী ব্যক্তিসহ প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার ও মোহতামিম মাসুদুর রহমান।
স্থানীয়রা জানান, প্রাচীন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক, বিজ্ঞানসম্মত এবং কর্মমুখী করার লক্ষ্যে সুবিধাভোগী বিশাল জনগোষ্ঠিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মাদ্রাসা শিক্ষার যথার্থ মাননিশ্চয়তায় কাজ করে যাচ্ছেন শ্রীরামসী এলাকার স্থানীয় ও প্রবাসীরা। যার ধারাবাহিকতায় প্রতিষ্ঠাকাল থেকেই মদীনাতুল উলূম মাদ্রাসাটিকে এগিয়ে নিতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মাদ্রাসা শিক্ষার প্রসারে তাদের এমন অসাধারণ উদ্যোগ প্রশংসনীয়।


















