সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ভোর ৭টার দিকে টিলা ধসের ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়ার প্রায় ছয় ঘণ্টা পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী মোছা. শাম্মি আক্তার রুজি এবং তাদের দুই বছরের ছেলে নাফজি তানিম। মো. আগা করিম উদ্দিন ডিস লাইনের কাজ করতেন।
এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আগা মাহমুদ উদ্দিন, আগা বাবুল উদ্দিন, আগা বাচ্চু উদ্দিন, আগা শফিক উদ্দিনের নাম জানা গেছে। অন্যরা তাদের পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৭টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে টিলা ধসের ঘটনা ঘটে। তখন ঘরের নিচে দুই পরিবারের সদস্যরা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে এক পরিবারের কয়েকজনকে উদ্ধার করলেও এই তিনজনকে উদ্ধার করতে পারেনি। বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছিল।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, সিটি করপোরেশন ও স্থানীয়রা মিলে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে উদ্ধারকাজে সেনাবাহিনী যোগ দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


















